প্রবাস মেলা ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায় বড় পরিসরে অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ‘অপস মেগা’ নামের এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘মিনি ঢাকা’ খ্যাত কোতারায়া এলাকায় এ অভিযান শুরু হয়। কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশনের পরিচালক দাতুক হামশা বিন ইনজাউয়ের সরাসরি নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে মূলত বিদেশিদের পরিচালিত এবং বিদেশি কর্মী নিয়োগকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ইমিগ্রেশন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মোট ৩৩৭ কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ২১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং ১১৯ জন বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা ছিলেন।
অভিযানে অংশ নেওয়া সংস্থাগুলোর মধ্যে ছিল মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় (কেকেএম), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন), কোম্পানি কমিশন অব মালয়েশিয়া (এসএসএম), ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ (জেবিপিএম) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।
আটক ৪৭২ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৩৬৪ জন বাংলাদেশি। এ ছাড়া মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ১৮, নেপালের ৮, পাকিস্তানের ৭, ইন্দোনেশিয়ার ৭, ভারতের ৬, চীনের ৩, জিম্বাবুয়ের ১ এবং সৌদি আরবের ১ জন নাগরিক রয়েছেন।
আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের কুয়ালালামপুরের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) বিরুদ্ধে এ ধরনের অভিযানে কোনো আপস করা হবে না। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে অবৈধ বিদেশি কর্মীদের আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগকারী নিয়োগকর্তা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।