প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতার ৭১তম জন্মদিন আজ। ১৯৫৩ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। বাগেরহাট জেলায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর আসল নাম ফরিদা আক্তার পপি।
গত ২৩ জুলাই কানাডা চলে যাবার কথা ছিল ববিতার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে পূর্ব নির্ধারিত সময়ে কানাডা যেতে পারেননি তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। জন্মদিনটা বাসাতেই কাটছে ববিতার।
প্রসঙ্গত, কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে অভিষেক হয় ববিতার। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’। এটি মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট। তিনি জহির রায়হান পরিচালিত ‘টাকা আনা পাই’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা পেলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় ‘অশনিসংকেত’কে। এটি পরিচালনা করেন সত্যজিৎ রায়।
ক্যারিয়ারে অভিনয় দক্ষতায় প্রশংসার পাশাপাশি অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন ববিতা। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন আজীবন সম্মাননাও। ববিতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে-‘অশনি সংকেত’, ‘লাঠিয়াল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দীপু নাম্বার টু’, ‘বসুন্ধরা’, ‘বেহুলা লখিন্দর’, ‘এক মুঠোভাত’, ‘ফুলশয্যা’ ইত্যাদি।