প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ইউকে-এর শীর্ষ নেতৃবৃন্দ প্রবাস মেলা অফিসে এসেছিলেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ইউকে-এর প্রেসিডেন্ট ও আহ্বায়ক আবু আহম্মদ গিয়াসউদ্দিন খিজীর, ভাইস প্রেসিডেন্ট নূরুল আমিন, সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল মীর রাশেদ আহম্মদ।
তাঁরা প্রবাস মেলা কর্মীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি, তাঁদের সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করা হয়। এ সময় প্রবাস মেলা পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ তাঁদের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
উল্লেখ্য, কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমস্যা ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে কাজ করছে। সংগঠনের নেতারা জানান, বর্তমানে প্রায় ১৮ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি (NRB) বিদেশে বসবাস করছেন, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১০% এবং মোট ভোটের ১২%। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের বার্ষিক বাজেটের প্রায় ২৫% অবদান রাখে।
তবে দুঃখজনকভাবে এই রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল নিরলসভাবে কাজ করছে। সংগঠনটি এশিয়া, ইউরোপ এবং আমেরিকায় বিস্তৃত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
উপস্থিত দল বর্তমান সরকারের প্রতি তাদের দাবি প্রকাশ করছে যে, ২৪শে জুলাই ২০২৫ থেকে ৫ই আগস্ট ২০২৫ পর্যন্ত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের সর্বাত্মক সহায়তা ও সহমর্মিতা প্রদান করা হোক।
প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের অধিকার প্রতিষ্ঠায় কানেক্ট বাংলাদেশ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।