প্রবাস মেলা ডেস্ক: কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহায় সরকারি সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। এর মধ্যে শ্রম খাতে সহযোগিতা, বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।