প্রবাস মেলা ডেস্ক: কলকাতার অভিনয়শিল্পীরা এক সময় বাংলাদেশের নাটকে নিয়মিত অভিনয় করতেন। বাংলাদেশের সিনেমায় এই ধারা চলমান থাকলেও দীর্ঘদিন পর বাংলাদেশের নাটকে অভিনয় করলেন কলকাতার অভিনয়শিল্পী। নাম ঋষি কৌশিক। তিনি কলকাতার ধারাবাহিক নাটকের জনপ্রিয় অভিনেতা।
‘চিলেকোঠার ভালোবাসা’ নামে এই নাটকে তাকে দেখা যাবে সাফা কবিরের বিপরীতে। এটি লিখেছেন আফরিন জামান লীনা, পরিচালনায় রাকেশ বসু। গত রোববার থেকে শ্রীমঙ্গলে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় ওঠেন। সে বাসাতেই থাকেন সাফা। তাদের দু’জনের পরিচয় পর্ব সুখকর না হলেও একসময় ভালোবাসা ও বিয়েও হয়। কিন্তু ক্যান্সারে মারা যায় সাফা। তবুও সাফাকে মনের মণিকোঠায় ঠাঁই করে রাখে ঋষি। এভাবে আরও কিছু ঘটনায় এগিয়ে যাবে নাটকটির কাহিনি।
বাংলাদেশের নাটকে অভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছি। এতে অভিনয় করার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিচালক রাকেশ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়। আমার চরিত্রটি বেশ সুন্দর। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ। আশা করি, নাটকটি সবার পছন্দ হবে।
সাফা কবির বলেন, গতানুগতিক কোনো গল্প নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। এতে আমার চরিত্রটি ক্যান্সার আক্রান্ত এক মেয়ের। তাছাড়া শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুটিং হচ্ছে। বেশ ভালো লাগছে। এটি রচনা করেছেন আফরিন জামান লীনা। আর রাকেশ বসুর পরিচালনায় নাটকটির কাজ এখন চলছে শ্রীমঙ্গলে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান এর নির্মাতা রাকেশ বসু।