প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে উদ্ভূত দুর্যোগ কেটে যাওয়ার পর দেশে ফেরা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আবারও বিদেশ পাঠানো হবে। করোনার পর বিশ্ব বাজারে কৃষি ও স্বাস্থ্যখাতে কর্মীর চাহিদা বৃদ্ধি পেতে পারে। এই দুই খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। ‘করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয়’ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১১ জুন, ২০২০ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ অংশ নেন।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘বিদেশ প্রত্যাগত কর্মীদের জন্য মোট ৭০০ কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হবে। করোনা পরবর্তী আন্তর্জাতিক শ্রম বাজারের পরিবর্তিত চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের আবারও বিদেশ পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। বিরূপ পরিস্থিতিতে ঝুঁকি কমানোর জন্য ভবিষ্যতে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেওয়া হবে। বিদেশ ফেরতদের জন্য সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে বলেও তিনি জানান।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় সভায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ সামরিক বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সিএএবি, র্যাব-এর মহাপরিচালক অতিরিক্তি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো হামিদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো সাইফুল হাসান বাদল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান প্রমুখ।
সংবাদ সূত্র: দৈনিক বাংলা ট্রিবিউন