প্রবাস মেলা ডেস্ক: কম্বোডিয়ায় যেসব বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য অস্থায়ী বাসস্থান, পরিবহন এবং চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
ব্যংককে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ফাহাদ পারভেজ বসুনিয়া গত সোমবার কম্বোডিয়ার নির্দিষ্ট সীমান্তবর্তী স্থান থেকে নমপেনে জড়ো হওয়া বাস্তুচ্যুত বাংলাদেশি নাগরিকদের সাথে দেখা করেছেন এবং স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় তাদের সাথে খাদ্য সহায়তা দিয়েছেন।
সীমান্ত এলাকায় শান্তি পুনরুদ্ধারের মাধ্যমে বাস্তুচ্যুত মানুষদের তাদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে।
দূতাবাসের শ্রম কাউন্সিলর ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য অস্থায়ী বাসস্থান, পরিবহন এবং চিকিৎসা সহায়তার ব্যবস্থা করছেন।
এদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘাতের মধ্যে কম্বোডিয়ায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদ আশ্রয়ের জন্য অনুরোধ জানিয়েছে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস।
যারা ক্ষতিগ্রস্ত এলাকা ছেড়ে যেতে চান তারা সহায়তার জন্য দূতাবাসের হটলাইনে (+6681870843) যোগাযোগ করতে পারেন।
সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানান্তর এবং সুরক্ষার জন্য দূতাবাস কম্বোডিয়ান কর্তৃপক্ষ এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছে।