মোহন রায়হান:
ঈদ এখন এক মহা প্রতারক শব্দের নাম
আড়ালে যার বিত্তবানের ঢেকে রাখা
শোষণ লুন্ঠন চৌর্যবৃত্তির অপরাধ আর পাপ!
আত্মত্যাগ আর সমতার দিন এখন
ধর্ম, কিতাব, নবী আর আল্লাহর নামে
অবৈধ অন্যায় লুটপাটের অর্থবিত্ত জায়েজ করা
ঈদ নামক আনন্দময় শব্দটির
যথাযথ ফানাফিল্লাহ রীতিমতো মহাকাব্য!
ঈদুল ফিতর হাজার কোটি চুরি লুটের
মাইক্রোস্কোপিক ভগ্নাংশের জাকাত, ফিতরা
ঈদুল আজহায় লক্ষ টাকার গরু জবাই মাংস বিলি লোক-দেখানো দান খয়রাত হারাম অর্থ-সম্পদ হালাল করা!
ঈদ এখন গমচোর-চালচোর-ত্রাণচোর,
গ্লাভস-মাস্ক-পিপিইচোর, করোনাচোর
সাহেদ, সাবরিনা, শারমিন, রুবানা হকদের তেলেসমাতির
অন্ধরাতের ভোজ উৎসব হিপহুপ.. হুররে… চিয়ার্স…
ভেঙেপড়া রাষ্ট্রনীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতির মুখোশখোলা
কভিড-১৯ গ্রাম-গ্রামান্তরে ছড়িয়ে দেয়া!