শহীদুল্লাহ ফরায়জী:
আমি তোমার বড় মাপের
ভালোবাসাকে ভয় পাই,
যুদ্ধক্ষেত্রের মতো ভয়ঙ্কর ভয়।
তোমার ভালোবাসা
সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনার মত,
আমি আমার মতামত দিতে পারিনা
কেবল অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হই।
তোমার বিপুল অনন্ত ভালোবাসায়
বিস্ময়কর অলৌকিক প্রবাহে
আমি অনবরত পিছু হটতে থাকি,
অকারণে পালাবার সুযোগ খুঁজি।
তোমার ভালোবাসায়
মহত্বের মাধুর্য, সুমধুর সুরলহরী
আমার ভিতরকে গ্রাস করতে চায়,
আমার গুপ্তধন চুরির ভয়ে
সাধু সন্ন্যাসীর মত উপলব্ধির আওতায়
আমি আত্মগোপন করে থাকি।
তোমার এমন উম্মাদনা
এমন আত্মত্যাগ
এমন মহৎ অনুভূতি
অবিরাম আমাকে আক্রমণ করে,
আমি জীবনের উৎসব
উদযাপন করতে পারিনা,
আমি অপরিসীম শূণ্যতায়
সূর্যোদয় এবং সূর্যাস্তে
নিজেকে পরিত্যক্ত ঘোষণা করি।
তোমার ভালোবাসার অসম্ভবকে
আমি কোনদিন সম্ভব করতে পারিনি,
তোমার ভালোবাসা
আমার পরাজয়কেই
জয়ের উপঢৌকন দিয়েছে,
মহাবিস্ময় আমার হাতে তুলে দিয়েছে।
তোমার ভালোবাসার বিপুল সঞ্চয়
মহাসমুদ্রের দুর্বোধ্য আতঙ্কে
আমি ভয়ে কম্পিত হয়ে
সমুদ্রের উপকূলে লুকিয়ে থাকি।
আমি তোমার ভালোবাসার অজস্রতায়
অন্তর্গত সৌন্দর্যে উদ্ভাসিত হতে পারি না,
তোমার নিঃশ্বাস, অনির্বাণ পদক্ষেপ
অস্বাভাবিক জয়োল্লাসের দীপ্তিতে
আমি স্থির সংকল্প গ্রহণ করতে পারিনা।
তোমার যুদ্ধংদেহী ভালবাসার রণক্ষেত্রে
আমি কেবল মৃত্যুর কোলে ঢ’লে পড়ি।