প্রবাস মেলা ডেস্ক: শিল্পীদের কল্যাণে পাশে দাঁড়াবে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের নাম ঘোষণা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
১৫ সদস্যের এ তালিকায় রয়েছেন— অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। ১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এ ট্রাস্টি বোর্ডে আগামী ৩ বছরের জন্য সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।
বিভিন্ন অঙ্গন থেকে রাখা হয়েছে প্রতিনিধি। এরমধ্যে রয়েছেন কবি কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী নওশাবা আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সাইয়েদ জামিল।
শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি দেয়ার মতো কর্মকাণ্ড পরিচালনায় ২০২২ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট। ২০০১ সালে শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন হওয়ার দশ বছর পর ১৭ সদস্যের বোর্ড গঠন করা হয়।