প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরবে যারা পবিত্র ওমরাহ পালন করতে যেতে চান তাদের জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে দেশটির সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ৫ জুলাই ২০২৩, বুধবার এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে। আরও বেশি মুসল্লি যেন সৌদিতে যেতে পারেন এবং ওমরাহ পালন করতে পারেন তারই অংশ হিসেবে ই-ভিসা চালু করা হয়েছে। এছাড়া দেশটির ভিশন-২০৩০ এর লক্ষ্য অর্জনে ওমরাহর সেবার মান বাড়ানোর যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তারও অংশ এই ই-ভিসা। সৌদির দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যারা ই-ভিসা পেতে আগ্রহী তাদের নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হবে। আগামী ১৯ জুলাইয়ের পর যারা সৌদিতে ওমরাহ করতে যাবেন তারা ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।
নুসুক প্লাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের পর্যটকদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়া এর মাধ্যমে পছন্দ অনুযায়ী বাড়ি বেছে নেয়া, বাসস্থান এবং যোগাযোগ সেবাও দেয়া হয়। সহজেই যেন বিশ্বের সব মানুষ পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন সেজন্য এতে কয়েকটি দেশের ভাষাও যুক্ত করা হয়েছে। এর আগে ওমরাহ ও হজ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, গালফ কো-অপারেশন কাউন্সিল অব আরব স্টেটসভুক্ত দেশের ট্যুরিস্ট ভিসাধারী এবং সেনজেন ভিসাধারীরা নুসুক অ্যাপসের মাধ্যমে ওমরাহর অনুমতি নিতে পারবেন। এদিকে পবিত্র হজ উপলক্ষ্যে এক মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রয়েছে। ওই সময় যাদের কাছে হজের অনুমতি ছিল শুধুমাত্র তারাই মক্কা নগরীতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।