প্রবাস মেলা ডেস্ক: স্বল্পোন্নত (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ পেছাতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশন পুনর্বিবেচনা করতে পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন পুনর্বিবেচনার জন্য একটি কমিটি হয়েছে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এক ব্রিফিংয়ে এ কথা বলেন। ব্রিফিংয়ের আগে আনিসুজ্জামান চৌধুরী অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন। সোমবার আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।
ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক, অর্থ বিভাগের দুই অতিরিক্ত সচিব মুনশি আবদুল আহাদ ও মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।
স্বল্পোন্নত (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার দিন ঠিক আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। বিষয়টি পিছিয়ে দেওয়ার ব্যাপারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশ সরকার চাইলেই তা পিছিয়ে যাবে না। তাই সরকার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে এ ব্যাপারে আবেদন করবে।
এলডিসির বিষয়ে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ভুয়া তথ্যের ভিত্তিতে আমরা উন্নয়নশীল দেশে উত্তরণ হতে চাচ্ছি। সে বিষয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের বৈদেশিক নির্ভরতা বেড়ে গেছে ২০১০ সাল থেকে। কমে গেছে অভ্যন্তরীণ আয়ের উৎস। ৭ শতাংশের নিচে নেমে গেছে কর-জিডিপির হার। যদি আরও ঋণ নিতে হয়, আরও চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে।
এলডিসি থেকে উত্তরণের সূচকগুলো কি ভুয়া ছিল—এমন প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, ‘মনে করুন সব সঠিক, কিন্তু আমাদের প্রস্তুতি কী? আমরা যে বাজারসুবিধা পাই, তার ৮৫ শতাংশই হচ্ছে তৈরি পোশাক খাতে। এখানে আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। ২০১৮ সাল থেকে বলছি, এলডিসি থেকে বের হব। সাত বছরেও একটা খাতের ওপর নির্ভরশীলতা কমল না কেন?’
বিনিয়োগ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। গাজার মতো অবস্থা তৈরি হয়েছে। এ থেকে বুঝে নেবেন আপনার দেশের অবস্থা কেমন। এ মুহূর্তে কি গাজায় কেউ বিনিয়োগ করবে? একটা আরেকটার সঙ্গে যুক্ত। আমাদের যে পরবর্তী বাজেট আসবে তার রিসোর্স কোথায়? আমাকে যদি আরও ঋণ নিতে হয়, তাহলে আরও চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। এ রিসোর্স মোবিলাইজ করা খুব সহজ না।
তবে আমাদের উন্নতির মধ্যে শুধু আমাদের প্রত্যেকের আয় বেড়েছে। আমরা মধ্যম আয়ে চলে গেছি। সে অনুযায়ী আমাদের রাজস্ব বাড়ার কথা ছিল, কিন্তু সেগুলো গেল কোথায়? তাই মানুষকে ট্যাক্স দিতে উৎসাহিত করতে হবে। আমি ট্যাক্স দেব না অথচ আশা করব সরকার আমাকে সেবা দেবে!