নাসির আহমেদ:
একটা স্নিগ্ধ আলো জ্বলছে দূরে, তোমার জন্মদিনের
বিগলিত মোমবাতির কথা মনে পড়লো এই সন্ধ্যায়
নিদ্রিত রাত্রির গভীরতা টানছে আমাকে,
স্তব্ধ অপরাহ্নের গভীর সান্নিধ্যের স্মৃতি চলে আসছে দ্রুত স্নায়ুকোষে।
তোমার ভেজাচুল থেকে পৌষের মধ্যরাতের তীব্র শিশির
ঝরছে টুপটাপ, তুমি একটু আগেই স্নান সেরে এসেছো
রাতের সঙ্গম স্মৃতি ফুরোতে না ফুরোতেই পরকীয়া ঢেউ
তোমাকে নামিয়ে দিলো শুভ্র শয্যার সমুদ্রে পুনর্বার।
অতৃপ্ত তোমার তৃষ্ণা এবার মিটাও ভালো করে
পান করো মোমের আলোয় সেই আশ্চর্য সঙ্গম-স্মৃতি!
পড়ে থাক বরফে ঢাকা দাম্পত্য সংসার প্রাত্যহিক,
ছেলেরা ইস্কুলে থাক, মেয়েটি আসুক একা একা।
তুমি যাও প্রবল বৃষ্টির মধ্যে জন্মদিনের কাছে
তুমি যাও হাঁ-করা মাছের মুখে তৃষ্ণা বিসর্জনে।