প্রবাস মেলা ডেস্ক: অর্ধযুগেরও বেশি সময় ধরে ঈদ উৎসব এলেই গানের ডালি নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। নিজেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ ও এটিএন বাংলার কর্ণধার।
মাহফুজুর রহমানের গান মানেই দর্শক-শ্রোতাদের বাড়তি আগ্রহ। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায়ও গান শোনাবেন দেশের আলোচিত এই মিডিয়া ব্যক্তিত্ব। সম্প্রতি এক মেইলবার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।
জানা গেছে, মাহফুজুর রহমানের এবারের একক সংগীতানুষ্ঠানটির নাম ‘আমার চোখের আলো’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। যেটি ঈদ দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে স্বঘোষিত এই শিল্পী মালিকানাধীন এটিএন বাংলায়।
এবারের অনুষ্ঠানে বাংলার পাশাপাশি থাকছে বলিউডের জনপ্রিয় চারটি হিন্দি গানও। সেগুলো হচ্ছে- ‘নীলে নীলে আম্বার’, ‘দিল দে দিয়া হ্যায়’, ‘হামে অর জিনে কি’ ও ‘জিনা ইয়াহান মারনা ইয়াহান’। বাংলা গানগুলো হচ্ছে- আমার চোখের আলো, তুমি তো জানো না প্রিয়, তোমার নিঃশ্বাসে বিষ ছিল, চুপ কেন তুমি চুপ কেন এবং প্রথম প্রেম।
শুধু তাই নয়, ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’-তেও গান গাইবেন মাহফুজুর রহমান। এই অনুষ্ঠানে থাকছে কেহেদু তুমছে, তুঝে দেখা তু ইয়ে, মুঝে দিলসে ভুলানা, মেরা দিল ভি কিতনা পাগল, ঢোলনা, তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত, ওয়াদা কারো, সাস মে তেরি, তু তু হ্যায় ওয়াহি দিলনে এবং কিতনি বেচেইন হোকে শিরোনামের হিন্দি গানগুলো। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।
২০১৭ সালের কোরবানির ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। ওই অনুষ্ঠানটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। সঙ্গে শুরু হয়েছিল নানা আলোচনা-সমালোচনা।
কিন্তু তাতে দমে যাননি মাহফুজুর রহমান। কোনো সমালোচনা গায়ে না মেখে গানকে ভালোবেসে প্রতি বছরের ঈদেই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন স্বঘোষিত এই শিল্পী। নিজেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি যেন দৃঢ় প্রতিজ্ঞ।