প্রবাস মেলা ডেস্ক: উত্তর কোরিয়াকে লক্ষ্য করে লাউড স্পিকারে সম্প্রচার শুরু করেছে দক্ষিণ কোরিয়া। রোববার (৯ জুন) তারা এ সম্প্রচার করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে ময়লাবাহী ফেলুন উড্ডয়নের পর এই পদক্ষেপ নিচ্ছে প্রতিবেশী দেশটি।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, শনিবার (৮ জুন) উত্তর কোরিয়া থেকে ময়লাভর্তি ৩০০টি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়। যার মধ্যে ৮০টি সীমান্তের ওপারে ফেলে দেয়া হয়। আর এরই পতিক্রিয়ায় মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ হিসেবে লাউড স্পিকারে সম্প্রচার ফের শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ উত্তর কোরীয় শাসকদের জন্য অসহনীয় হতে পারে। তবে, এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে।
ময়লাবাহী বেলুন পাঠানোর বিষয়ে উত্তরকে সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া। সিউল বলে আসছিল, যদি এগুলো পাঠানো বন্ধ না হয় তাহলে বড় লাউড স্পিকার থেকে উত্তরকে লক্ষ করে ‘প্রপাগান্ডা’ বাজানো হবে।
রোববার বিকেলে লাউড স্পিকারে সম্প্রচার করে দক্ষিণ কোরিয়া। তবে তা অব্যাহত থাকবে কি না তা নির্ভর করে উত্তর কোরিয়া কীভাবে এর প্রতিক্রিয়া জানায় তার ওপর।
মে মাস থেকে ময়লাবাহী বেলুন দক্ষিণের দিকে পাঠানো শুরু করে পিয়ংইয়ং। দেশটি দাবি করে আসছে, দক্ষিণ কোরীয় অ্যাক্টিভিস্টরা উত্তর-বিরোধী লিফলেট প্রচার করায় তার জবাবে এই পদক্ষেপ নিচ্ছে তারা।
২ জুন পিয়ংইয়ং বলেছিল, সাময়িকভাবে তারা বেলুন পাঠানো বন্ধ রাখবে। কারণ ১৫ টন ময়লা এরইমধ্যে পাঠানো হয়েছে। এতে উপযুক্ত বার্তা দেয়া হয়েছে। তবে আবার দক্ষিণ থেকে উত্তরে লিফলেট এলে ফের ময়লাবাহী বেলুন পাঠানো হবে।