প্রবাস মেলা ডেস্ক: ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে।
কত পরিবারকে এই কার্ড দেয়া হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনা হবে।
এই রমজানেই কি এটি শুরু হচ্ছ? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। এটুকু আমি জানি।