প্রবাস মেলা ডেস্ক: ঈদ মানে ফিল্মপাড়ার জন্য ভিন্ন আমেজ। সে আমেজে বাড়তি মাত্রা যোগ করে ঈদের সিনেমা। তুলনামূলকভাবে গেল দুই ঈদ ভালোই কাটিয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। ঈদুল ফিতরের বাকি আর মাত্র দুই সপ্তাহ। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের সিনেমা নিয়ে হিসাব-নিকাশ। প্রেক্ষাগৃহগুলোও তৈরি নতুন সিনেমাকে বরণ করে নিতে।
এবারের ঈদুল ফিতরে বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে সেগুলোর বেশির ভাগই আওয়াজ দিচ্ছে বলে জানা গেছে। ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত তারিখ নিয়েছে মাত্র চারটি সিনেমা। ৯ এপ্রিল ২০২৩, রবিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।
এখন পর্যন্ত মুক্তির তারিখ নিয়েছে বাংলা সিনেমার মুভিলর্ডখ্যাত অভিনেতা ডিপজলের মেয়ে ওলিজা ডিপজল পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, বাবু সিদ্দিক পরিচালিত ‘ময়নার শেষ কথা’, তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’ ও সোলাইমান লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’।
এর মধ্যে এগিয়ে আছে ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার টিজার। এর পরের অবস্থানে আছে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে জুটিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।
মুক্তির তারিখ নিলেও কোনো আওয়াজে নেই ‘বাংলার হারকিউলিস’ ও ‘ময়নার শেষ কথা’ সিনেমা দুটি। অন্যদিকে আওয়াজে আছে জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’, ‘জ্বীন’, আবু তাওহীদ হিরণের ‘আদম’, মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’। শোনা যাচ্ছে, মুক্তির তারিখ নেয়া দুটি সিনেমা পিছিয়ে যেতে পারে। সেখানে আসতে পারে জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমা ও মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’ সিনেমাটি।
‘জ্বীন’ সিনেমাটি নিয়ে বেশ সরব জাজ মাল্টিমিডিয়া। পোস্টার, টিজারের পর সিনেমাটি নিয়ে অভিনব ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি একা দেখতে পারলে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন জাজের কর্ণধার আবদুল আজিজ। ‘জ্বীন’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন সজল-পূজা। অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে ‘পাপ’ সিনেমাটি নিয়ে পর্দায় আসবেন জিয়াউল রোশান, ববি, আরিয়ানা জামান, জাকিয়া মাহা। আর ‘কিল হিম’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছে অনন্ত-বর্ষা।
ফিল্মপাড়ার বাসিন্দারা মনে করছেন, এবার ঈদ জমবে শাকিব খানের ‘লিডার আমি বাংলাদেশ’ আর অনন্ত-বর্ষার ‘কিল হিম’ সিনেমা দিয়ে। যদিও ‘কিল হিম’ এখনও প্রচার শুরু করেনি। তাই ঈদের সিনেমা নিয়ে হিসাব-নিকাশ বুঝতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।