মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ১২ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ “পবিত্র ইস্টার সানডে”,খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এ দিন খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। তৎকালীন বিপথগামী ইহুদীরা তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবসে অর্থাৎ রবিবার দিন তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। পুনরুত্থানের এই সংবাদ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই গৌরবের, অতিশয় আনন্দের এবং তাৎপর্যপূর্ণও বটে। চলতি বছর এমন এক সময় এবং পরিস্থিতিতে ইস্টার সানডে উদযাপিত হচ্ছে যখন বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষ করোনা ভাইরাসের প্রার্দুভাবে আতংকগ্রস্থ এবং নিজ নিজ ঘরে আবদ্ধ। প্রবাসী বাংলাদেশিরাসহ বাংলাদেশ এবং সারা পৃথিবীব্যাপী যে সকল ভাই ও বোনেরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মঙ্গল কামনা করছি এবং যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের সুস্থ্যতা কমনা করছি। তাদের পরিবার এবং পরিজনদের আমরা বিশেষভাবে প্রার্থনায় স্মরণ করি।
ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশি প্রবাসী খ্রীষ্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স এর প্রেসিডেন্ট জোসেফ ডি কস্তা এবং সাধারণ সম্পাদক মার্ক রায় এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিস্টান ভাই-বোনদের ও দেশবাসীকে শুভেচ্ছা সমবেদনা জানিয়েছেন। তাঁরা এই বিপদ সংকুল সময়ে ধৈর্য্য এবং সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ এই পরিস্থিতিতে সকল স্থানের বিত্তশালীদের, অসহায় এবং সাহায্যকামি মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাঁরা সকলকে সরকারের সকল নির্দেশনা মেনে নিজেদের নিরাপদ মুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন।