প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বখ্যাত মার্কিন উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দেশের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন।
গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক তরুণ প্রজন্মের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন, যারা এই উন্নত প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে।
চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, “চলুন, আমরা একসঙ্গে কাজ করি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি।”
তিনি আরও উল্লেখ করেন, “স্টারলিংকের সংযোগ ব্যবস্থা বাংলাদেশের অবকাঠামোতে যুক্ত হলে তা আমূল পরিবর্তন আনবে, বিশেষ করে দেশের উদ্যোগী তরুণ সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য।”
প্রধান উপদেষ্টা তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্সের টিমের সাথে নিবিড়ভাবে সমন্বয় করতে বলেছেন, যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায়।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও স্পেসএক্স, টেসলা এবং এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয়। এই আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ ও বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।