প্রবাস মেলা ডেস্ক: ইরান ও পারস্য উপসাগরের আকাশে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে (পাইলট) খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে দুই পক্ষই।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ওই ক্রু সদস্যের সন্ধানে তৎপর রয়েছে মার্কিন বাহিনী।
দক্ষিণ ইরানে বিধ্বস্ত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে ঘিরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ ক্রু সদস্যের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়—তবে অন্য একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো গুলিবর্ষণের মুখে পড়েছে বলেও জানা গেছে। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজ ওই ক্রু সদস্যের খোঁজে ইরানি নিরাপত্তা বাহিনীও অভিযান চালাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ইরানের দাবি, তারা দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে—একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নরত এফ-১৫ এবং অন্যটি ওই বিমানের ক্রুদের উদ্ধারে পাঠানো হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, প্রথম বিধ্বস্ত বিমানের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে একটি এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।
সূত্র: বিবিসি