শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: করোনা ভাইরাস নামটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই ভাইরাসের ভয়াবহতা সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে, এখনো করে চলেছে। আমাদের দেশ ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। তবে, আশার কথা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। ভারতে ভ্যাকসিন দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেশের প্রথম নাগরিক হিসাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন কে জানেন? তিনি আর কেউ নন, তিনি হলেন মণীশ কুমার। আট বছর ধরে তিনি দিল্লির এইমসে কাজ করছেন।
তিনি হলেন এই এইমস হাসপাতালের একজন সাফাইকর্মী। করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে এখনো অনেকে সন্দিহান রয়েছেন। সবার প্রথমে সেই ভ্যাকসিন নিয়ে তাদের সেই সন্দেহ দূর করার চেষ্টা করেছেন তিনি।
ভ্যাকসিন নেওয়ার পরে তিনি বলেন, খুব ভালো অভিজ্ঞতা। আমি কোনরকম দোলাচলে ছিলাম না। মানুষের ভয় পাওয়ার কোনও কারণ নেই। ভ্যাকসিন নিয়ে এখন আর কোন সন্দেহ নেই আমার মনে। প্রত্যেকের টিকা নেওয়া উচিত। সত্যিই, ইতিহাস গড়লেন মণীশ কুমার – একথা আর বলার অপেক্ষা রাখে না।