আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে ইতালির অনেক শহর থেকেই রাজনৈতিক নেতা-কর্মীরা রোমে অনুষ্ঠিত ইতালি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছে। ২৮ নভেম্বর ২০২১ এ সম্মেলন শুরু হয়। দীর্ঘ প্রায় ৯ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফলে এ সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মাঝে আগ্রহের শেষ ছিলোনা। উদ্বেগ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নেতা কর্মীরা।
এবারের ত্রি-বার্ষিক সম্মেলনে দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। একটি প্যানেলে রয়েছেন সভাপতি পদপ্রার্থী ইতালি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন। অন্য প্যানেলে রয়েছেন, সভাপতি পদপ্রার্থী বর্তমান সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের দাওয়াতপত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রদূতের হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো: সাইদ ও সদস্য জসিম উদ্দিন এবং প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন।
সম্মেলনকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, এ সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নিচ্ছেন না। একাধিক নেতাকর্মী জানিয়েছেন, সম্মেলনকে তারা সমর্থন করছেন না।
এদিকে, ইউরোপ আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান একটি চিঠিতে ২৮ নভেম্বরের সম্মেলন আপাতত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু বর্তমান নির্বাচন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন মনে করছে, তাদের এ আহ্বান অযৌক্তিক ও মনগড়া। কারণ দীর্ঘ নয় বছর ইতালি আওয়ামীলীগের সম্মেলন হয়নি। একটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সম্মেলনের বিকল্প নেই।