আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: প্রবাসীদের অধিকার আদায়ের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আয়োজিত বর্ণাঢ্য অভিষেক ও নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সেন্টাল কমিটির সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আনসারীর পরিচালনায় শুরুতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সরাসরি ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভার্চুয়ালি তারা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যদিও কথা ছিল ইতালির পররাষ্ট্রমন্ত্রী স্বশরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু অনুষ্ঠান শুরু হবার আগ মুহূর্তে তিনি রোম বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জানান যে, তিনি জরুরী কাজের জন্য সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না । কিন্তু লাইভ টেলিকাস্টে তিনি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও লাইভ টেলিকাস্ট ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা ও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতালি পররাষ্ট্রমন্ত্রী কে সম্মাননা স্বরূপ একটি উপহার প্রদান করা হয়। তারা দুই দেশের পঞ্চাশ বছরের সম্পর্ককে আরো দৃঢ় করার আহ্বান জানান।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দা এফায়ার্স জসিম উদ্দিন, প্রথম সচিব শ্রম কল্যাণ আসিফ আনাম সিদ্দিকী, সংগঠনের প্রধান উপদেষ্টা মহিবুর রহমান মুহিব, উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, সংগঠনের ইউকে কোষাধ্যক্ষ আব্দুল হালিম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর খান, সহ সভাপতি কাউন্সিলার ফজলুর রহমান, মহিলা সম্পাদিকা কাউন্সিলার দিনা হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আহমদ হোসেন, সুমনা সুমি, আবু তারক চৌধুরী সহ ব্রিটেন থেকে আগত অতিথি ও রোমের সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দরা ইতালির নবগঠিত এই কমিটি প্রবাসীদের স্বার্থরক্ষায় সবসময় কাজ করে যাবে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে নবগঠিত কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী বাবু বাঙ্গাল ও সঞ্চারী সঙ্গীতায়ণের শিশু শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের সাথে নাচ ও গান পরিবেশনের মাধ্যমে উপস্থিত অতিথিদের মাতিয়ে রাখেন।