আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির পর্যটকদের প্রাণকেন্দ্র জলকন্যার শহর ভেনিসে চিকিৎসা অবহেলায় মশিউর রহমান (১৫) নামের এক ইতালি প্রবাসী বাংলাদেশি কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নির্মম মৃত্যুর খবরে প্রতিবাদের ঝড় উঠেছে ভেনিসে বসবাসরত ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।এই মর্মান্তিক মৃত্যুর খবর জানার পর ইতালির অন্যান্য শহরেও বসবাসরত বাংলাদেশিদের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভেনিসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ তথা মৃত কিশোরের স্বজনরা ও বসবাসরত বাংলাদেশিরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে এবং চিকিৎসায় অবহেলায় জড়িত সকল চিকিৎসকদের শাস্তির দাবী জানানো হয়েছে। উল্লেখ থাকে যে, ইতালিতে প্রায় শোনা যায় বিদেশিদের চিকিৎসা সেবায় অনেক অবহেলা হয় । (অবশ্যই সব ডাক্তার এবং হসপিটাল এ ধরনের আচরণ করে না, কিছু কিছু ক্ষেত্রে অভিবাসীরা এ ধরনের আচরণের শিকার হয়)।
জানা গেছে, কয়েকমাস আগে মৃত কিশোর মশিউর ভবিষ্যৎ স্বপ্ন পূরণের আশায় মায়ের সাথে ইতালির ভেনিসে বাবার কাছে আসে। পরে আগস্টের ১০ তারিখ স্থানীয় নিয়মানুযায়ী করোনার ভ্যাক্সিন গ্রহণ করার পর জ্বর ও শরীর ব্যাথা হলে তাকে স্থানীয় ‘আঞ্জেলা হাসপাতালে’প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যান তার বাবা এনামুল হক। পরে ২২ আগস্ট ২০২১ তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী নাম্বারে ফোন করে এ্যাম্বুলেন্সে করে আবারো একই হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার মশিউরের মাথায় রক্ত জমাট হয়েছে বলে অপারেশনের কথা জানান এবং অপারেশনের কিছুদিন পর মশিউরের মৃত্যু হয়।
এ ঘটনার পরেই মশিউরের বাবা তার ছেলের মৃত্যুর জন্য স্থানীয় চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায়। এছাড়াও মশিউরের মৃত্যুর খবর স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে ছড়িয়ে গেলে তারা ভেনিসে বিক্ষোভ মিছিল ও আন্দোলন করেন এবং এঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির দাবী জানান।