আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: জ্বলছে আগুন আকাশ পর্যন্ত, রক্তাক্ত আগুনের লেলিহান কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো অঞ্চল। একটু পর পর আকাশপথে হেলিকপ্টারের আওয়াজ, ছুটে চলছে দমকল বাহিনীর হেলিকপ্টার। পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।
গত দুই-তিন সপ্তাহ যাবত ইউরোপসহ ইতালিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ৪৮.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, চারিদিকে রোদের তীব্রতা প্রচণ্ড আকার ধারণ করেছে। লোকজন এসি ফ্যানের নিচে থেকেও গরমের তাপ সহ্য করতে পারছে না।
দমকল বাহিনী, সিটি কর্পোরেশন, পুলিশ, কারাবিনিয়েরি একযোগে আগুন নেভানোর জন্য কাজ করছে। প্রায় আট ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। কিছুক্ষণ পরপরই নতুন স্থানে আগুনের সূত্রপাত, ছোবল দেখা যায়। ফারা সাবিনার নিকটবর্তী ছোট ছোট শহর গুলোর অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
যদিও অগ্নিকাণ্ডের জন্য ঘরবাড়ির কোন ক্ষতি হয়নি, তবে যে স্থানে আগুন লেগেছে সেখানে অনেক বনাঞ্চল জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পাহাড়গুলো পাথরের হওয়াতে প্রতিবছরই এই সময় রোদের তাপে ভয়ানক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে গতকালের যেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেটা অনেক ভয়ঙ্কর আকার ধারণ করেছে প্রতি মুহূর্তে। নতুন নতুন ছোট ছোট পাহাড়ের শহরগুলো আক্রান্ত হচ্ছে।

সকালে (১২ আগস্ট) তফিয়ায় নতুনভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। নান্দনিক সৌন্দর্যমণ্ডিত তফিয়া শহরটি পর্যটকদের কাছে অনেক প্রিয় এবং পরিচিত। পাহাড় খোদাই করা ছোট ছোট ঘর গুলোনা দেখলে বিশ্বাস করা যাবে না কত সুন্দর।
প্রভিন্সিয়া (provincia Rieti ) রিয়েতির ফারা ইন সাবিনাসহ ইতালির অনেক অঞ্চলে ১২ আগস্ট অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফারা ইন সাবিনায় যেখানে আগন লেগেছে তার আশেপাশের বাড়ি-ঘরের মানুষজনকে সাময়িকভাবে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
পাহাড়ে আগুনের কারণে ফারা সাবিনা, প্রিমেকাজে, তালচ্ছি পমোন্টের লোকজন আগুনের ভয়াবহতা দেখে নিজ বাড়ি ঘর ছেড়ে অন্য স্থানে চলে যান। যদিও প্রথম কয়েক ঘণ্টা পরিস্থিতি অনেক ভয়ানক ছিল আগুনের তাপে এবং কালো ধোঁয়ায় ভয়ানক রূপ নিয়েছিল গোটা এলাকা।

দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, রাস্তা দিয়ে কেউ গাড়ি পারাপার হওয়ার সময় সিগারেট ফেলেছে তার থেকেও এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে, অথবা পাথরে পাথরে ঘর্ষণ থেকেও হতে পারে।
কয়েক সপ্তাহ থেকে ইতালিতে রোদের তীব্রতা প্রচণ্ড আকার ধারণ করেছে, কয়েক মাস যাবৎ বৃষ্টি হয় না বনাঞ্চল শুকিয়ে খাঁ খাঁ করছে। তাই অগ্নিকাণ্ডের ভয়াবহতা অনেক বেশি এবং আশেপাশের অনেক দূর এলাকা পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছড়িয়ে গেছে। মন্তে সান মার্তিনোতে, মন্টে আকুজিয়ানো এবং প্রিমেকাজে, পমন্টের আশেপাশেও অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখা গেছে।
প্রবাস মেলার এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে তথ্য ও ছবি সংগ্রহ করেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাড়িঘরের সমস্ত লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে, ইতোমধ্যে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য আশেপাশের মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে যার কারণে দমকল বাহিনী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য ওই জায়গাটা নিরাপদ করা হয়েছে।
ফারা সাবিনার সিটি কর্পোরেশনের কমিশনার, জিয়াকোমো কোরাদিনি বলেছেন, যদিও এই এলাকার বাসিন্দারা বিপদ দেখেও প্রথমে নিজের এলাকা ছেড়ে বাইরে যেতে চাননি, কয়েক ঘণ্টা পর যখন দেখেছে আগুনের লেলিহান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তারপর সবাই বিপদ বুঝতে পেরে অস্থায়ীভাবে ভবনগুলি ছেড়ে যেতে রাজি হয়েছে। যদিও পরিস্থিতি নাজুক, কিন্তু দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে রেখেছে।
উল্লেখ্য, দমকল বাহিনীর কর্মীরা পোমনতের মধ্যে যে গ্যাস ট্যাঙ্ক আছে তা সবার আগে নিরাপদ করেছে, কারণ ওই পাহাড়ি এলাকায় নরমালি কোন গ্যাসের লাইন নেই, শুধুমাত্র এলাকাভিত্তিক গ্যাসের ট্যাংক বসানো আছে। ওই গ্যাসের ট্যাংক থেকেই ওইসব এলাকার বাড়িঘরে গ্যাসের লাইন দেয়া আছে।