আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: গভীর শ্রদ্ধার সঙ্গে রোম বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধুর সহর্ধমিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৮ আগস্ট ২০২১, রবিবার স্থানীয় সময় বিকাল ৬টা (ইউরোপ সময় ) জুম প্লাটর্ফমে আলোচনা অনুষ্ঠিত হয়।
রোম দূতাবাসের আয়োজিত উক্ত অনুষ্ঠান শুরুতেই ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, ১ মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, তার জীবনের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলাচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইতালির রোম মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা এবং ১৫ আগস্ট ১৯৭৫ রাতে নিহত সব শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ শেখ ফজিলাতুন নেছার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, বঙ্গমাতার আর্দশ বাঙালি নারীদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে চিরদিন ছায়ার মতো থেকেছেন এবং বঙ্গবন্ধুকে জাতীয় ইতিহাসের বিভিন্ন রাজনৈতিক সংকটময় ও কঠিন মুহুর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণে নীরবে সহায়তা করে গিয়েছেন।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল, ইকবাল আহমেদসহ বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ, গণমাধ্যম কর্মীরা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কমিউনিটির বক্তারা বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার আদর্শ অনুসরণের ওপর জোর দেন।
জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে উপস্থিত ছিলেন এবং বাংলা কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দও উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেন।