নীরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস থেকে:
বর্তমান মহামারী আমাদেরকে অনেক বিষয়েই পরিবর্তন আনার ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা করার জন্য সুযোগ করে দিয়েছে। হয়তোবা যা অনেক পরে সিদ্ধান্ত নেয়া যেত এখনই দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হচ্ছে বা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হচ্ছে।
আমরা জানি যে মহামারীর কারণে অনলাইন লেনদেন বেড়ে গেছে এবং কাগুজে নোট এর পরিবর্তে সকল পর্যায়ে কার্ড ব্যবহৃত হচ্ছে এবং এক্ষেত্র ভিসা কার্ড, মাস্টার কার্ড, আলি পে, গুগোল ই পেমেন্ট ব্যবস্থাগুলো বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে এবং বেশিরভাগ লেনদেনই এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
সংগত কারণেই পূর্বের অনেক পরিকল্পনা থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের জোরালো যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক তেমন কোন পদক্ষেপ নেয়নি। এমতাবস্থায় প্রয়োজনীয়তা বুঝতে পেরে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক গত ২ জুলাই, ২০২০ ইউরোপের ব্যাংকগুলোকে স্বাগত জানিয়েছেন ২০২২ সালের মধ্যে একটি ইউনিফাইড ইউরোপিয়ান পেমেন্ট সিস্টেম চালু করার জন্য।
এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অন্যান্য পেমেন্ট সিস্টেম যেমন ভিসা বা মাস্টারকার্ড এর মত একটি কার্ড, ডিজিটাল ওয়ালেট এবং মোবাইল পেমেন্ট ইত্যাদি সুবিধা সম্বলিত একটি সেবা ইউরোপ জুড়ে ব্যবহার করা যাবে।
ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে প্রাইভেট সেক্টরে কেউ যদি এই রিটেল পেমেন্ট সিস্টেম তৈরিতে উদ্যোগ গ্রহণ করে তাহলে তারা সহযোগিতা করবে। তবে পাঁচটি শর্ত রয়েছে যেমন : প্যান ইউরোপিয়ান এলাকা, গ্রাহক সহায়ক, ব্যয় দক্ষতা, নিরাপত্তা এবং সুরক্ষা, ইউরোপিয়ান পরিচয় ও পরিচালনা এবং দীর্ঘমেয়াদে বিশ্বব্যাপী পৌঁছানো- এই শর্তগুলো মেনে তৈরি করতে হবে।