প্রবাস মেলা ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান সঠিক। এই ইস্যুতে বেইজিংয়ের অবস্থানও অভিন্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
১৩ মার্চ ২০২২, রবিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, দুই দেশ চাইলে সমঝোতায় সহায়তা করতে পারে চীন। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচার হওয়া এক সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা স্থাপনের বিষয়ে কিছুই জানা নেই তার।
ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে ২ মার্চ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ। ৩৫টি দেশ এই অধিবেশনে ভোটদানে বিরত থাকে তার মধ্যে রয়েছে বাংলাদেশ ও চীন।
রোববার রাজধানীর একটি হোটেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এই ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান সঠিক উল্লেখ করে বলেন, তাদেরও অবস্থান একই। দুই দেশ চাইলে সমঝোতায় সহায়তা করতে পারে চীন। আমরা শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান চাই।
এদিকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে ‘বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা স্থাপন করতে যাচ্ছে চীন’। এ বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। কোনো দেশে সমরাস্ত্র কারখানা স্থাপন করেনি চীন। তবে কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে চীন সহায়তা দিয়ে থাকে।
রোহিঙ্গা ইস্যুতে লি জিমিং বলেন, চীন রোহিঙ্গা সংকটের সমাধান চায়। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি।