হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৬ জুলাই ২০২১, সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ খাবারবাড়ী হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএস এর উদ্যোগে বর্তমান শতাব্দীর অন্যতম দ্বীন প্রচারক আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ তৈয়্যব শাহ সিরিকোটি (রহঃ) এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ‘উরসে সৈয়দ তৈয়্যব শাহ সিরিকোটি (রহঃ) মাহফিল’ অনুষ্ঠিত হয়। বা’দ মাগরিব পবিত্র কুরআন তেলাওয়াত, সালাতু সালাম, হামদ ও না’ত শরীফ পাঠের মাধ্যমে পবিত্র উরস মাহফিল শুরু হয়। মাহফিলে পবিত্র খতমে গাউসিওয়া শরীফ, তকরীর, শাজরায়ে কাদেরিয়া আলিয়া, জিকির, সালাতু সালাম ও মুনাজাত পাঠ করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা মাহমুদ আলী। মাহফিলে প্রধান মেহমান হিসেবে অনলাইনে তকরীর করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য অধ্যক্ষ মুফতী আল্লামা সৈয়্যদ অসিউর রহমান আল ক্বাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, বিশেষ মেহমান সদ্য বাংলাদেশ থেকে আগত মুজাহিদে আহলে সুন্নাত মাওলানা নূরুন্নবী ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সহ-সভাপতিবৃন্দ মাওলানা আনোয়ারুল হক কাদেরী, মুহাম্মদ নাদের, আক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ। মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্টজন কাজী নয়ন, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মুহাম্মদ নাজিম, মাওলানা আবদুর রহীম, আবু তালেব চান্দু, এডভোকেট জুবায়ের আহমেদ, সানাউল হাক, নাজমুল গনি প্রমুখ।

বক্তাগণ বলেন আওলাদে রাসূল সৈয়দ তৈয়্যব শাহ সিরিকোটি (রহঃ) ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত ও গাউসে জমান। আল্লামা সৈয়দ তৈয়্যব শাহ সিরিকোটি (রহঃ) কাদেরিয়া তরীকার দীক্ষা ও ঢাকায় প্রসিদ্ধ কাদেরিয়া আলিয়া মাদ্রাসা তৈরী করে আহলে সুন্নাতের প্রতিষ্ঠানিক শিক্ষা বা দ্বীনি তা’লিমের আঞ্জাম দেন। সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর সুযোগ্য সন্তান ও খলিফা হিসেবে সৈয়দ তৈয়্যব শাহ (রহঃ) বাংলাদেশের চট্টগ্রামের প্রসিদ্ধ বিশ্বের অন্যতম জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপক প্রসারে মূখ্য ভূমিকা রাখেন। তিঁনি ইসলাম ও মানবতার খেদমতের লক্ষ্যে গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য যে, বাংলার সারজমিনে চতুর্দশ শতাব্দীতে যারা ধর্ম প্রচার ও প্রসারে অবদান রাখেন, সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর পবিত্র বংশধরগণ; বিশেষভাবে সৈয়দ তৈয়্যব শাহ সিরিকোটি (রহঃ); তাদের অন্যতম। আর তাই আহলে সুন্নাত ওয়াল জামাত অত্র পবিত্র ওরস শরীফের মাধ্যমে উনাদের অবদানকে স্বীকার করে তাদের রুহানী ফয়েজ লাভে আল্লাহর নিকট প্রার্থনা করেন। বক্তাগণ ত্রয়োদশ শতাব্দীর নেতৃবৃন্দ ইমাম শাহ আব্দুল আজিজ দেহলভী (রহঃ), ইমাম ফজলে হক খায়রাবাদী (রহঃ), চতুর্দশ শতাব্দীর ইমাম আহমদ রেজা (রহঃ), আল্লামা আহমদ ইয়ার খান নঈমী (রহঃ), আল্লামা আজিজুল হক শেরে বাংলা (রহঃ), আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ), আল্লামা আবু বকর সিদ্দিকী (রহঃ), আল্লামা আবেদ শাহ মাদানী (রহঃ) ও চলমান শতাব্দীতে আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহঃ), আল্লামা আলী আকবর রেজভী (রহঃ), শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ), আল্লামা আবদুল জলীল (রহঃ), আল্লামা মুফতী উবাইদুল হক নঈমী (রহঃ), আল্লামা জালালুদ্দীন আল-কাদেরী (রহঃ) সহ আহলে সুন্নাতের সকল নেতৃবৃন্দকে স্মরণ ও তাঁদের কর্মের প্রশংসা করেন। বক্তাগণ চলমান শতাব্দীর আহলে সুন্নাতের সকল সংগঠন ও নেতৃবৃন্দের ঐক্য কামনা করে পূর্ববর্তীদের ন্যায় যৌথ নেতৃত্বে আকীদা ভিত্তিক স্বাধীন, পূর্ণাঙ্গ ও ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের প্রয়াস ও প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার আহবান জানান। সবাইকে ইসলামের প্রকৃতধারা আহলে বায়াত, খোলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কেরাম, হাদিস, মজহাব ও তরীকার ইমামসহ সকল আউলিয়া কেরামের সম্মিলিত পথ ‘‘খেলাফত ইমামত বেলায়েতের’ অনুস্বরণে পূর্ণাঙ্গ আহলে সুন্নাত পালনের আহবান জানান। বক্তাগণ সকল বাতেল ফেরকা ও বস্তুবাদী মতবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তাওহীদ-রেসালাত ভিত্তিক জীবন চেতনায় সমাজ-রাষ্ট্র গঠনে সবাইকে দ্বীনের তা’লিম, তবলীগ ও দা’ওয়ার নিয়তে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সালাতু সালাম, কিয়াম ও দরূদ পাঠান্তে অধ্যক্ষ মুফতি আল্লামা সৈয়্যদ অসিউর রহমান আল ক্বাদেরী কর্ত্তৃক বিশেষ মোনাজাতে বিশ্ব মানবতার দোজাহানের প্রকৃত মুক্তি কামনায় ও চলমান করোনা মহামারী থেকে পরিত্রাণের কামনা করে ‘‘পবিত্র ওরসে সৈয়দ তৈয়্যব শাহ সিরিকোটি (রহঃ) মাহফিল’’ সমাপ্ত হয়।