প্রবাস মেলা ডেস্ক: আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিভিন্ন আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকা তুলে ধরেন।
আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, যাকে ‘র’-এর এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।
তিনি লিখেছেন, এনআরসি, সিএএবিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন।
আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।
আসিফ মাহমুদ লিখেছেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ‘র’-এর এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও ‘র’ পরিচালিত ছিল।
যে আন্দোলনে পরবর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।