রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: আম্মানস্থ বাংলাদেশ দূতাবাস ১৮ ডিসেম্বর ২০২২ ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ; বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল আনন্দ উদ্দীপনার সাথে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন করে। আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযথভাবে উদযাপনের প্রথম পর্বে বাংলাদেশ দূতাবাস, আম্মান জর্ডানের ‘আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কর্পোরেশনের’ জে আই ই সি হলে ‘আন্তর্জাতিক অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আই ও এম) এর সঙ্গে যৌথভাবে একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জর্ডানের সর্ববৃহৎ অভিবাসী বাংলাদেশী কর্মী নিযুক্তকারী প্রতিষ্ঠান ক্লাসিক ফ্যাশন এপারেল ইন্ডা. লিঃ এর সহযোগিতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জর্ডানের প্রভাবশালী রয়া টিভি। অনুষ্ঠানে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ নাহিদা সোবহান, জর্ডানে আই এল ও এর মিশন প্রধান মিজ তাইমা কার্ট, আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন (আই এল ও) এর জর্ডানের প্রধান সমন্বয়ক মিজ ফ্রিদা খান, জর্ডানের লেবার মন্ত্রণালয়ের পরিচালক জনাব মো: জিহাদ কোয়াসামি, আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কর্পোরেশনের উপ পরিচালক জনাব মো: সাবাত, কিউ আই জেট এর পরিচালক জনাব হান্নি থায়াবাত, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি জনাব আরশাদ খান উপস্থিত ছিলেন। ইরবিদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ, আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কর্পোরেশনে কর্মরত বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও জর্ডানি অভিবাসীগণ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহান স্বাগত বক্তব্য প্রদান করেন। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যর শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উন্নয়নে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীগণ উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছো। এজন্য মান্যবর রাষ্ট্রদূত নিরাপদ ও বৈধ অভিবাসনের গুরুত্ব আরোপ করেন। মান্যবর রাষ্ট্রদূত আরও বলেন বর্তমান সরকার বৈধ পথে রেমিট্যান্স দেশে প্রেরণকে উৎসাহিত করার জন্য প্রেরিত রেমিট্যান্সের উপর ইতোপূর্বে প্রদত্ত ২% প্রণোদনাকে ২.৫% উন্নীত করেছে। তিনি এজন্য বৈধ পথে রেমিট্যান্স দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের আহবান জানান। মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ ও জর্ডানের অর্থনীতিতে অব্যাহত অবদান রাখায় অভিবাসী কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।
জর্ডানে আই ও এম এর মিশন প্রধান মিজ তাইমা কার্ট আন্তর্জাতিক অভিবাসী দিবস এত ব্যাপকভাবে আয়োজনের জন্য জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ নাহিদা সোবহানকে ধন্যবাদ জানান। তিনি বলেন আন্তর্জাতিক অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সব সময় নিরাপদ ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করে থাকে। মিজ তাইমা কার্ট আরও বলেন, ভবিষ্যতেও আই এল ও এর পক্ষ হতে জর্ডানে বাংলাদেশী অভিবাসীদের সব ধরণের সহযোগিতা অব্যহত থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশের একজন অভিবাসী কর্মী মিজ জান্নাতুল ফেরদৌস ও নেপালের একজন অভিবাসী কর্মী মিজ সামজানা গুরুং বক্তব্য রাখেন। বাংলাদেশী অভিবাসী কর্মী মিজ জান্নাতুল ফেরদৌস জর্ডানের কাজের পরিবেশ ও দূতাবাসের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ নাহিদা সোবহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষভাগে বাংলাদেশী, ভারতীয়, নেপালি ও শ্রীলংকান অভিবাসী কর্মীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সকলের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযথভাবে উদযাপনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ দূতাবাস, আম্মান ‘আন্তর্জাতিক অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আই ও এম)’ আয়োজিত দাতব্য মেলায় অংশগ্রহণ করে। মেলায় বাংলাদেশ দূতাবাস বিভিন্ন প্রকারের বাংলাদেশী খাবার ও পিঠা এবং বাংলাদেশী প্রক্রিয়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রয় করে। বিক্রয় হতে প্রাপ্ত সমুদয় অর্থ দূতাবাস কর্তৃক জর্ডানের আই এল ও এর দাতব্য ফান্ডে অনুদান হিসেবে দেয়া হয়।