সুহাস বড়ুয়া, বোস্টন, যুক্তরাষ্ট্র থেকে: ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB)-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিমান বৌদ্ধ ধর্মগুরু ও লেখক ড. ভিক্ষু বোধি বলেছেন, মননশীলতা চর্চার অভাবেই আমেরিকায় খুনাখুনির মতো ঘটনা বেড়ে চলেছে।
৩১ আগস্ট কেমব্রিজ শহরের “দি ফাউন্ডরি মিলনাতয়নে” এ আয়োজন হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ড. ভিক্ষু বোধি, যিনি যুক্তরাষ্ট্র বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বৌদ্ধ রিলিফের চেয়ারম্যান।
ড. ভিক্ষু বোধি বলেন, মানুষের মনের গভীরে রাগ, হিংসা ও লোভ বাসা বাঁধে, যা রোগ ও বিপত্তির জন্ম দেয়। তিনি বলেন, মনকে পাহারা না দিলে তা আমাদের অজান্তেই নিয়ন্ত্রণ করে। শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য সঠিকভাবে ধ্যান ও মাইন্ডফুলনেস চর্চা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে “নিউরোসায়েন্স অব মেডিটেশন” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ড. সৌমিত্র বড়ুয়া। তিনি জানান, নিয়মিত ধ্যান মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়, যা মানসিক স্থিতি আনে এবং হতাশা, দুশ্চিন্তা ও আলঝেইমারের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে। তার প্রাঞ্জল উপস্থাপনায় ধ্যানীদের মস্তিষ্কের ক্ষমতা ও সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে বৈজ্ঞানিক পার্থক্যের বিষয়টি স্পষ্ট হয়।
হার্ভার্ড স্কলার ও আটলান্টা ইউনিভার্সিটির চাপ্লেইন প্রিয় রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ বড়ুয়া, রণবীর বড়ুয়া, শিমুল বড়ুয়া, ইঞ্জিনিয়ার সুতপা বড়ুয়া প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন রিমা কামাল, স্মৃতিকণা বড়ুয়া ও বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা।
বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হন কিশোর ও তরুণরা। ওমান, ইতালি, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশগ্রহণের পাশাপাশি স্থানীয়ভাবে গান পরিবেশন করেন রুবাইনা জামান, মুক্তা ও জুয়েল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, ভারতীয়-আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ ডা. কৃষাণ চক্রবর্তী, ডা. রণেন চ্যাটার্জী, পদার্থ বিজ্ঞানী ড. বামুন দাস বসুসহ হার্ভার্ড, এমআইটির শিক্ষক-শিক্ষার্থী ও আমেরিকার মূলধারার নানা পেশাজীবী।
অনুষ্ঠান শেষে WFBB আয়োজকদের পক্ষ থেকে ধ্যানচর্চার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।