প্রবাস মেলা ডেস্ক: দুদক দুর্নীতিগ্রস্ত এমন অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, অনেক সময় আমাকে শুনতে হয়, আপনারা দুর্নীতির কথা বলেন, কিন্তু আপনার নিজের অফিস তো দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমি এটি মোটেও উড়িয়ে দিই না। আমরা যদি দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন।
নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক সমন্বিত জেলা রংপুর কার্যালয় এ শুনানির আয়োজন করে।
দুদক চেয়ারম্যান বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সমাজ থেকে যদি এই দুর্নীতি অপসারণ না করতে পারি; আমরা আমাদের সন্তানদের জন্য একটা খারাপ পৃথিবী রেখে যাব। সেটা আমাদের জন্য দুর্ভোগের বিষয় হবে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঞ্চালনায় গণশুনানিতে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগীয় পরিচালক মো. তালেবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।