প্রবাস মেলা ডেস্ক: জার্মান প্রবাসী সাংবাদিক, লেখক, অনুবাদক নাজমুন নেসা পিয়ারি প্রবাস মেলা’র আমন্ত্রনে সম্প্রতি প্রবাস মেলা’র অফিস ভিজিট করেন। এসময় তার সাথে প্রবাস মেলা’র কলা-কুশলীরা চা-চক্রে অংশ নিয়ে তার প্রবাস জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, বাংলাদেশের বরিশাল জেলায় জন্ম নেয়া নাজমুন নেসা পিয়ারি শৈশব-কৈশোর কাটে ঢাকার আগামাসি লেনে। সেখানে মামার বাসায় ৪-৫ বছর থাকার পর তিনি পুরানা পল্টনে তার বাবার বাসায় চলে আসেন। সেখানেই কেটেছে তার জীবনের উল্লেখযোগ্য সময়। ঢাকার কামরুন্নেছা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা ইডেন কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তারপর শিক্ষিকা হিসেবে ইডেন কলেজে চাকরি পেলেও মর্নিং শিফট না থাকায় তিনি সিদ্ধেশ্বরী কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। কয়েক বছর শিক্ষকতা করার পর তিনি জার্মানির বিখ্যাত গণমাধ্যম ডয়েচে ভেলে’তে যোগদান করে জার্মানি চলে যান। এ প্রসঙ্গে তিনি বলেন, ডয়েচে ভেলে’তে বাংলা বিভাগের সূচনা হয় ১৯৭৬ সালে। জার্মানিতে যাওয়ার পর বেশ কয়েক বছর আমি নগরপরিক্রমা নামে একটি তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করতাম। এ প্রোগ্রামটি স্থানীয় জার্মানিসহ অন্যান্য শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় ছিলো। ডয়েচে ভেলে’তে ৩০টি ভাষায় প্রোগ্রাম চালু ছিলো। পরে আমি ৩টি ভাষায় প্রোগ্রাম করা শুরু করি। ১৯৯০ সালে আমি ডয়েচে ভেলে’র মার্কেটিং এবং গণসংযোগ বিভাগের এডিটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হই।

আলাপচারিতায় জানা যায়, প্রবাসী বাঙালি লেখক ও কবি-সাহিত্যিকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্য রচনা করে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেছেন তাদের মধ্যে দু’জনকে ২০১৬ সালে সৈয়দ ওয়ালীউল্যাহ সাহিত্য পুরস্কার দেয়া হয়। নাজমুন নেসা পিয়ারি তাদের একজন।
নাজমুন নেসা পিয়ারি সাংবাদিকতার পাশাপাশি লেখক, অনুবাদক হিসেবেও পাঠকের কাছে জনপ্রিয়। ২০০৫ সালে তিনি নোবেল পুরস্কার বিজয়ী আলফ্রিডে ইয়েলিনেক এর উপন্যাস ‘দ্যা পিয়ানো টিচার’ জার্মান ভাষা থেকে সরাসরি বাংলায় অনুবাদ করেন। এরপর একে একে তার প্রেমে অপ্রেমে, সত্ত্বার অসীম আকাশ, নিঃশ্বাসের দোলা বইগুলো প্রকাশিত হয়। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ ‘বঙ্গবন্ধুর বীরগাথা’ বইটি বাংলা থেকে জার্মান ভাষায় অনুবাদ করেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।

বিশেষভাবে উল্লেখ্য যে, নাজমুন নেসা পিয়ারি বাংলা কাব্য জগতের প্রবাদপ্রতীম কবি শহীদ কাদরীর স্ত্রী। এই দম্পতির একমাত্র সন্তান আদনান কাদরী যুক্তরাষ্ট্রের এমহার্স্ট বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতিতে মাস্টার্স শেষ করে নিউইয়র্কের স্টানলি ব্যাংকে চাকরি করছেন।