জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ফের বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী ক্যারি সাইমন্ডস। ওই দম্পতির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জনসন-ক্যারি দম্পতির মুখপাত্র জানিয়েছেন, ভোরে লন্ডন হাসপাতালে ‘স্বাস্থ্যবান কন্যা শিশুর’ জন্ম দিয়েছেন ক্যারি। মা ও শিশু উভয়ই ভালো আছে। তিনি বলেছেন, ‘যত্ন ও সহযোগিতার জন্য এনএইচএসের (ন্যাশনাল হেলথ সার্ভিস) প্রসূতি দলকে ধন্যবাদ জানিয়েছেন এই দম্পতি।’ ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে।
৫৭ বছরের জনসন তিনটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের সংসারে তার চার সন্তান রয়েছে। গত বছর ম্যারিনার সঙ্গে তার বিচ্ছেদ হয়। গত বছরের এপ্রিলে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তৃতীয় স্ত্রী ক্যারি।
যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন। যদিও এটা ছিল ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।