ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দমেলা’ এবার নবম বছরে পা রাখছে। প্রতি বছরের মতো এবারও ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য উৎসব। দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ জুলাই।
বাংলাদেশি সংস্কৃতি, গান, নাচ ও মিলনমেলার প্রাণ এই আয়োজনটি প্রবাসীদের জন্য শুধুই আনন্দের নয়, বরং এটি হয়ে উঠেছে শিকড়ের টানে ফিরে দেখার এক অনন্য উপলক্ষ।
আনন্দমেলাকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ থেকে একঝাঁক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নৃত্যশিল্পী আলিফ ও নীল হুরে জাহানসহ অনেকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথিদের অনেকেই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, “লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই আয়োজনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে ভিন্ন মাত্রা দেবে।”
মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও প্রেসিডেন্ট শরীফ হাসিবুল বলেন, “আমাদের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মিক বন্ধন তৈরি করা এবং তাদের জন্য এমন একটি পরিসর তৈরি করা, যেখানে তারা দুই দিন নিখাদ আনন্দে মেতে উঠতে পারেন।”
দুই দিনের এই আয়োজনে থাকবে দেশীয় খাবার, পোশাক, পণ্য ও হস্তশিল্পের স্টল। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এবারের আনন্দমেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যালিফোর্নিয়ার লেক প্যারিস সিটির মেয়র মাইকেল ভার্গা ও লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট।
উন্মুক্ত এই আয়োজনে অংশ নিতে দর্শকদের জন্য কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। এ ছাড়া এবারের আয়োজনে বিশিষ্ট গীতিকার লিটন অধিকারী রিন্টুকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মাননা প্রদান করা হবে।
প্রবাসে থেকেও দেশকে অনুভব করার এমন সুযোগ বারবার আসে না—‘আনন্দমেলা’ সেই অনুভবেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।