হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ ভার্চ্যুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ১৫ আগস্ট ২০২০, শনিবার দুপুর ১.৩০টায় হোয়াটস্ অ্যাপের গ্রুপ কলের মাধ্যমে। এতে শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নৃশংসতম হত্যাকান্ড গভীর শোক প্রকাশ খুনিচক্র ও তাদের দোসরদের বিচারের সম্মুখীন করা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের নিবিড় ঐক্য গড়ার আহবান জানান।
বক্তাদের আলোচনায় ফুটে উঠে ৪৫ বছর পর আজও আলোর উদ্ভাসনে, সঙ্কটে-সম্ভাবনায় বাঙালীর মানসপটে চিরজাগরুক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন কালের বরপুত্র, বিশ্বের নীপিড়িত বঞ্চিত, শোষিত মানুষের অনুপ্রেরণা। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চোখে দেখেনি, দেখেছে তার সৃষ্টি, দেখেছে তার কর্ম। তাই এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে।
মানুষের মনের মাঝে বঙ্গবন্ধু, তাকে দমিত করার শক্তি কারো নেই। সকলের বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল বাঙালী যদি হয় একটি স্বপ্নের নাম, আকাঙ্খার নাম, সংগ্রামের নাম, সফলতার নাম তবে তার মহান স্থপতি, রূপকার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচনায় অংশ নেন সর্ব মাহাবুবুর রহমান মিলন, কুদরত আলী, ফকরুল আহসান শেলী, মুজিবুর রহমান, মুজিবউদ্দিন, দিদারুল আলম, কুদরত মোহাম্মাদ, করিমউজজামান শামসুস তোহা ও মোয়াজ্জেম ইকবাল। পরিশেষে সৃষ্টিকর্তার দরবারে মো: জসীমউদ্দিন প্রাণময়ী মোনাজাতে বঙ্গবন্ধু তার পরিবারসহ সহকর্মী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় বেদনায়-শোকে-অশ্রুজলে সকল মোনাজাতকারীর গুমড়ে ওঠলে এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়।