জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: কেন্দ্রীয় জাসাসের কনভেনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়ক হেলাল খানের লন্ডন আগমন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ অক্টোবর (বুধবার) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য জাসাসের সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি এম এ সালাম। সঞ্চালনা করেন আব্দুল মোতালেব লিটন ও এম এ আরিফ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নায়ক হেলাল খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসবিহর চৌধুরী শিমুল, ইউরোপীয় সমন্বয়কারী ফয়সাল আহম্মেদ, কেন্দ্রীয় জাসাসের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দিপু জায়গীরদারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত জাসাস নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা প্রধান অতিথি হেলাল খানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ২০০৬ সালের সাংস্কৃতিক মূল্যায়নের দাবিতে বিএনপির হাইকমান্ডের কাছে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।
সবশেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।