প্রবাস মেলা ডেস্ক: ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বাড়িয়েছেন নিজের পরিচিতি। ফিল্মপাড়ার বিভিন্ন ঘটনায় একাধিকবার সরব হয়েছেন এ অভিনেত্রী।
মিষ্টি জান্নাত আবারও সবর হয়েছেন। এবার রোশান-মাহির সঙ্গে জেনিফারের দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। লিখেছেন, প্রতিবাদ। একজন লাইন প্রডিউসার, অনুদানের ছবির প্রযোজক হয়ে নায়িকা, নায়ক, পরিচালককে নিয়ে পাবলিকলি এ রকম মান-সম্মানহানিকর, কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার কারো নেই।
ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আমি একজন প্রডিউসার ও অভিনেত্রী হয়ে এর প্রতিবাদ জানালাম। মনে রাখবেন আপনি বসন্তের কোকিলের মতো প্রডিউসার। পারলে আরও কিছু ফিল্ম নিজের টাকায় বানান। তারপর কথা বলবেন, কিন্তু তারপরও এ রকম বাজে মন্তব্য করবেন না, আশা করি। আপনাদের মতো কিছু মানুষের জন্য সিনেমা আজ হাসির পাত্র হয়ে গেছে।’
একই ঘটনায় আরও দুটি স্ট্যাটাস দিয়েছেন এ নায়িকা। ২৪ আগস্ট রাত ৮টা ২৪ মিনিটে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সবার আগে আমি প্রতিবাদ করলাম। আমার মতো সবারই এই রকম কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে প্রতিবাদ তোলা উচিত। যাই হোক, কাউকে নিয়ে বাজে মন্তব্য করার অধিকার কারো নেই।’
এরপর ২৪ আগস্ট রাত ৩টা ৩৬ মিনিটে আরও একটি স্ট্যাটাস দেন মিষ্টি জান্নাত। লম্বা এ স্ট্যাটাসে অনুদান নেয়া প্রযোজকদের একহাত নিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমার একটাই কথা এবং প্রতিবাদ সেটা হলো, কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকুন। এগুলো কেমন ধরনের কথা? কথাগুলো অন্যভাবে বলা যেত না?’
সাধারণ জনগণের কাছে আপনারাই হাসির পাত্র হচ্ছেন উল্লেখ করে মিষ্টি জান্নাত লেখেন, ‘আপনাদের সাথে যেহেতু আমাদের ট্যাগ লাগানো আছে, সেহেতু আমার সমাজে আমি চলতে পারছি না। যাই হোক, আরও মারামারি করেন, সিনেমার আরও বারোটা বাজান। তারপরও বলব, শুধু অনুদান না নিয়ে নিজেদের পকেটের টাকা দিয়ে কিছু ছবি বানান। আরও বলব, বাজে-জঘন্য মন্তব্য করে নিজের সম্মান ও বংশের পরিচয় নিজে দেবেন না।’
লম্বা স্ট্যাটাসের শেষে এ অভিনেত্রী লেখেন, ‘মনে রাখবেন কেউ ধোয়া তুলসী পাতা নন। আরও ব্যাপার হচ্ছে, আমার পরিবার শুধু নয়, আমিও পলিটিকস করতাম, করি এবং করব। কিন্তু পলিটিকস করি বলে সেই সব ক্ষমতা নিয়ে চলাফেরা করি না।ওনাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, তা-ও থামুন।’