প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারের প্রদর্শনী নিয়ে শুরু হচ্ছে ‘টেস্ট অব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল’। বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত এই ফেস্টিভ্যাল চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে এবারের ফেস্টিভ্যালে ৬২টি স্টল নিয়ে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো।
৪ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পর্যটন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহির মুহাম্মদ জাবের।
তিনি বলেন, “এই উৎসবের মূল লক্ষ্য হলো অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী খাবারগুলোকে টেকসই রূপ দেয়া, দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে বাংলাদেশের গ্যাস্ট্রোনমি পর্যটনকে তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে দেশীয় খাবারের সচেতনতা বাড়ানো।”
এবারের ফেস্টিভ্যালে প্রদর্শিত খাবারগুলোর মধ্যে রয়েছে ঢাকার বিউটি লাচ্ছি, লালবাগের কাচ্চি বিরিয়ানি, ফাইজানে মদিনার বোবার বিরিয়ানি, কুমিল্লার রসমালাই, খুলনার চুইঝাল, শেরপুরের তুলসীমালার চাল, যশোরের জামতলার সাদেক গোল্লা, বগুড়ার দই, কক্সবাজারের সি-ফুড এবং পার্বত্য চট্টগ্রামের বেম্বো চিকেন।
বরিশালের ঐতিহ্যবাহী পিঠা, চট্টগ্রামের মেজবান, রাজশাহীর কালাইরুটি এবং নাটোরের কাঁচাগোল্লাও এই ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণগুলোর একটি। পাঁচ তারকা মানের হোটেল যেমন ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যানপ্যাসিফিক সোনারগাঁও এবং শেরাটন ঢাকা বিভিন্ন দেশীয় খাবারকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করবে।
ফেস্টিভ্যালে খাবারের পাশাপাশি থাকছে অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও তরুণ প্রজন্মের জন্য থাকবে বিশেষ ‘জেন-জেড হ্যাংআউট কর্নার’।
ঐতিহ্যবাহী এবং সমসাময়িক খাবারের মেলবন্ধনে ‘টেস্ট অব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল’ সিজন-২ হয়ে উঠতে পারে দেশের গ্যাস্ট্রোনমি পর্যটনের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।