মহিউল করিম আশিক, ইউএই: প্রতি বছর আন্তর্জাতিক সামাজিক সংগঠন দুবাই কেয়ার্স এর আয়োজনে ১৬ মিলিয়ন সুবিধা বঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের সাহায্যার্থে বিশ্বের অর্ধশতাধিক দেশ ওয়াক ফর এডুকেশন নামে বিশেষ র্যালির আয়োজন করে। বিগত ১০ বছর যাবত এ র্যালির আয়োজন হয়ে আসছে। প্রতিবারের মতো এইবারও আজ ১৫ ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ টায় দুবাইয়ের ক্রিক পার্কের দুই নাম্বার গেট এ র্যালির আয়োজন হয়।
দুবাই কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিক র্যালির শুরুতে তার বক্তব্যে বলেন শিক্ষাই পারে সামাজিক সম্প্রীতি সমুন্নত রাখতে। তথ্য প্রযুক্তির এই সময়ে শিক্ষা ছাড়া সভ্যতার বিকাশ কল্পনাই করা যায় না। অথচ বিশ্বের অনেক দেশ আছে যেখানে অর্থের অভাবে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান এই আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বের নানান প্রান্তে যেসকল ছাত্র ছাত্রীরা পায়ে হেটে দূর দূরান্তে গিয়ে শিক্ষা নিতে হয় তাদের সাথে একাত্মতা পোষণ ও সুবিধা বঞ্চিত শিশুদের কষ্ট নিজের করে নেওয়া।
বিশেষ এই র্যালিতে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সামাজিক সংগঠন টিম বাংলাদেশসহ বিভিন্ন স্কুল,কলেজ,ভার্সিটি, সরকারি ও বেসরকারি কোম্পানির প্রায় ১৫ হাজার শিক্ষানুরাগী মানুষ চার কিলোমিটার পায়ে হেটে একই কালারের টি শার্ট পরিধান করে র্যালিকে সাফল্যমণ্ডিত করে। র্যালিতে অংশগ্রহণকারী সকল ৩০ দিরহাম করে দিয়ে অংশ নেন।
উল্লেখ্য অত্র সংস্থার মাধ্যমে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুরাও সাহায্য পেয়ে থাকে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত দেশ সমূহ, আফ্রিকা মহাদেশের অনুন্নত দেশ ও আরব বিশ্বের সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করে দুবাই কেয়ার।