ডেস্ক রিপোর্ট: গুগল লোকাল গাইডসের আয়োজনে টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’। এবারের আয়োজনে বিশ্বের ১৯টি দেশ থেকে আমন্ত্রিত ৫০ জন অভিজ্ঞ গুগল ম্যাপ কন্ট্রিবিউটরের মধ্যে রয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী।
আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিতব্য এই গ্লোবাল ইভেন্টটি গুগল লোকাল গাইডস প্ল্যাটফর্মের ১০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে। অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের নতুন ফিচার, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রযুক্তিগত দিক নিয়ে সরাসরি গুগল টিমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। পুরো ইভেন্টের ব্যয় বহন করছে গুগল।
পাভেল-সুমাইয়া দম্পতি গুগল ম্যাপসের তথ্যভিত্তিক উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রাখছেন। ২০১৭ সালে পাভেল গুগলের আমন্ত্রণে অংশ নেন ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে লোকাল গাইডস সামিটে। তাকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করে গুগল। ২০২১ সালে তিনি “কমিউনিটি বিল্ডার” ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হন।
অন্যদিকে, সুমাইয়া জাফরিন চৌধুরী ২০২০ সালে “হেল্পফুল হিরো” ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড পান। তিনি কানেক্ট মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং একাধিক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
এই দম্পতিকে কেন্দ্র করে গুগল লোকাল গাইডসের ব্লগ, ইউটিউব চ্যানেল ও ফোরামে একাধিকবার ফিচার করা হয়েছে। ২০১৮ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামের ফিচারে তাদের কাজ ও সম্পর্ক তুলে ধরা হয়। একইভাবে, আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষেও তাদের কার্যক্রম তুলে ধরা হয়েছে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার এবং উন্নয়নকর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী গুগলের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সংস্কৃতি, স্থাপনা ও ইতিহাস তুলে ধরার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দৃঢ়প্রতিজ্ঞ।