প্রবাস মেলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুন্সিগঞ্জে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৫ মে ২০২১, বুধবার সকালে সদর উপজেলার চর-বেশনার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ও ফ্রান্স বিএনপির সহ-সভাপতি মমতাজ আলোর উদ্যোগে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন নবগঠিত মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি, চিনি, খেজুর, ছোলা, ডাল, তেল ও আলু। এছাড়া প্রতিটি পরিবারের মাঝে নগদ তিন’শ ও পাঁচ’শ টাকায় করে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাকিল বেপারি, সোহেল বেপারিসহ অন্যান্যরা।
বিতরণকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ জানান, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মমতাজ আলোর উদ্যোগে অসহায় মানুষদের মাঝে এই নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে।