মিনহাজ হোসেন, ইতালি: আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মান সফর উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের মুজিব আদর্শের সৈনিকরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তার আগমনের বার্তা শোনার পর ঘরে বসে থাকতে পারেননি ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ খান। ৯ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় ইতালির ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পদার্পণ করলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, গাজীপুর জেলা সমিতির সভাপতি সোহরাব সরকার, ইতালির রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী লিটন মোহাম্মদ সহ আরো অনেকে।
এক সাক্ষাতে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আমরা ইতালি আওয়ামী লীগ জাতির জনকের কন্যাকে স্বাগতম জানাতে অধীর অপেক্ষায় বসে আছি। আমরা আগামী ১৩ ফেব্রুয়ারি ইতালি থেকে প্রায় ৫০সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দরা জার্মানের উদ্দেশ্যে রওনা হবো।

তিনি আরো বলেন, দেশ পরিচালনায় শেখ হাসিনার দক্ষতা ও অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত। বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। তাই আমরা প্রধানমন্ত্রীকে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, তার জার্মান সফর সফল ও সুন্দর হোক শুভ কামনা রইল।
আবু সাঈদ খান তার সংক্ষিপ্ত বক্তব্যে তীব্র শীত উপেক্ষা করে বিমানবন্দরে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান, পাশাপাশি তিনি সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের জন্য কাজ করার জন্য আহ্বান জানান এবং আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার আহবান জানান।