প্রবাস মেলা ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নিলেন নগর বাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ দুপুর ১টার দিকে তিনি টিকার প্রথম ডোজ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
রবিন বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার বিষয়ে পজিটিভ। প্রথম দিনই টিকা নেওয়ার বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ বেলা ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউয়ে এসে ভ্যাকসিন গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তিনি হাসি-খুশি ও স্বাভাবিক আছেন। তিনি মনে করেন, দেশের সকল নাগরিকেরই এই টিকা নেওয়া জরুরি।’
রবিন আরও জানান, জেমস নিজ উদ্যোগে টিকা নিয়েছেন। কোনো সংগঠন বা দলের পক্ষ থেকে না, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি টিকা গ্রহণ করেছেন।
জানা গেছে, বিএসএমএমইউ হাসপাতালের নার্স সাদিয়া সুমি জেমসের ডান বাহুতে টিকা পুশ করেন। এর আগে, দেশের ভেতর শিল্পীদের মধ্যে সবার আগে টিকা নেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সেটি সাংসদ কোটায়।