প্রবাস মেলা ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য এই অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার আজ জন্মদিন। তবে এবারের জন্মদিন নিয়ে নেই তার কোন বিশেষ আয়োজন। বিগত বেশ কয়েক বছর তিনি তার খুব কাছের কিছু প্রিয় প্রিয় মানুষ, সহশিল্পী, পরিচালকদের নিয়ে দিনটি বিশেষভাবে উদযাপন করলেও এবার করোনার কারণে বিশেষ কোন পরিকল্পনা নেই তার।
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সত্যি বলতে কী একটা অদ্ভূত সময়ের মধ্যদিয়ে আমরা যাচ্ছি। প্রতিদিন দেশে, দেশের বাইরে অনেক মানুষ মারা যাচ্ছেন। এমনবস্থায় কীভাবে মানসিকভাবে আসলে ভালো থাকি? ভালো থাকা যায়না। যেখানে মানসিকভাবেই আমি ভালো নেই সেখানে নিজের জন্মদিন নিয়ে আলাদাভাবে ভাবার কোন সুযোগও নেই। তাই এবারের জন্মদিনকে ঘিরে কোন বিশেষকিছুই করা হচ্ছেনা। এরইমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সবাই যার যার অবস্থানে নিরাপদে থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। কারণ নিজের নিরাপত্তাটাই এখন অনেক বেশি জরুরী।’
সুবর্ণা মুস্তাফা জানান, এরইমধ্যে বেশকিছু নাটকে এবং সিনেমাতেও কাজ করার প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু তিনি করোনার কারণে সেসব কাজ করেননি। শুধুমাত্র জাতীয় সংসদের স্পেশাল সেশনেই তিনি অংশ নিয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদ’র নির্দেশনায় ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। এরপর তিনি আর কোন নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেননি।
১৯৮০ সালে সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমাতে অভিনয় করেই সিনেমাপ্রেমী দর্শককে মুগ্ধ করেছিলেন সুবর্ণা মুস্তাফা। এই সিনেমাতে তার সহশিল্পী ছিলেন রাইসুল ইসলাম আসাদ। এই সিনেমার জনপ্রিয় গানটি হলো ‘আবার এলো যে সন্ধ্যা , শুধু দু’জনে’। পরবর্তীতে সুবর্ণা মুস্তাফা ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞা’, ‘রাক্ষস’, ‘কমাণ্ডার’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’, ‘গহীন বালুচর’, ‘গণ্ডি’সহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন।