নিরব আহমেদ, গ্রীস থেকে: করোনা মহামারী মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়াতে গ্রীসের চলমান লকডাউনকে আরো এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৭ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি মুখপাত্র স্টেলিওস পেটাসাস এই ঘোষণা করেছেন।
তিনি বলেন, প্রতিদিনের করোনা ভাইরাস মামলার সংখ্যা হ্রাসের সম্ভাবনা রয়েছে।পরবর্তী দিনগুলোতে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সংখ্যা হ্রাস পায় তাহলে আমরা ধীরে ধীরে কিছুটা স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার পরিকল্পনা সাজাবো।
লকডাউনের বর্ধিত সময়ানুযায়ী আগামী ৭ ডিসেম্বর ২০২০, সোমবার সকাল ৬:০০টা পর্যন্ত সকল সরকারি নির্দেশনা আগের মতই বহাল থাকবে।
তবে গ্রীসে করোনা ভাইরাসে বেশ কিছু শহর যে রেডজোনে অবস্থান করেছে সে বিষয়েও পেটসাস উদ্বেগ প্রকাশ করেছেন। সেই অঞ্চলগুলি হচ্ছে থেসালোনিকি, সেরেস, পাতরা, লারিসা, ম্যাগনেসিয়া, আতোলোকার্নানিয়া এবং লেসভোস।
অবশ্য পেটসাস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, কোভিড -১৯ ভ্যাকসিন পাওয়ার মাধ্যমে ২০২১ সালে একটি নতুন যুগের সূচনা হবে।
ক্রিসমাসের আগে লকডাউন ধীরে ধীরে উত্তোলনের বিষয়ে সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে সব কিছুই নির্ভর করবে করোনা ভাইরাস হ্রাসের উপরে বলে তিনি জানিয়েছেন।