রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে আগুনের সূত্রপাত। এতে দুই পরিবারের প্রায় ৭ লাখ ৩৩ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আজ ২১অক্টোবর ২০২০, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আব্দুর সত্তারের বাড়িতে এই ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ৭নং ওয়ার্ডের আব্দুল সত্তারের বাড়ির আবদুর রহিম সওদাগর এর বসতঘর থেকে বুধবার সকালে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সুমন ও পরে পাশের ঘরের ভ্যানচালক নুরুল ইসলামের বসতঘরেও আগুন ধরে যায়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় ও অপরটি আংশিক পুড়ে যায়।
এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র সহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
আনোয়ারা ফায়ার সার্ভিস ইনচার্জ দুলাল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুইটি টিনশিটের কাঁচা ঘর হওয়ায় একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং অপরটি ও প্রায় মালামাল পুড়ে গেছে । ঘটনাস্থল থেকে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয় এবং ৫০ হাজার টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় ।
ক্ষতিগ্রস্ত সুমন বলেন, মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুইটি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব, টিভিসহ কমপক্ষে ৭ লাখ ৩৩ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। নুরুল ইসলাম পেশায় ভ্যান চালক বলে জানা যায়।