হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতাকে কুপিয়ে জখমের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
৪ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এ দাবী জানান।
নেতৃবৃন্দ বলেন, স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই, দূর্বৃত্তরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, বেপরোয়োভাবে তারা যেভাবে অপকর্ম করছে তাতে মনে হচ্ছে প্রশাসনের কর্মকর্তারাও আজ নিরাপদ নয়। সন্ত্রাসী হামলায় মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও আহত। কী ঔদ্ধত্য! কী ভয়ংকর সন্ত্রাস! হাতুড়ি দিয়ে পেটানোর সাহস সন্ত্রাসীদের হয় কী করে?
তাহলে কি এই হামলার পেছনে অন্য কোনো বড় শক্তি ও গোষ্ঠীর ইন্ধন আছে? এসব প্রশ্নের উত্তর সরকারকে খুঁজে বের করতে হবে। অন্যথায় সন্ত্রাসীরা আরও বেপোরোয়া হয়ে উঠতে পারে। প্রশাসনের কর্মকর্তাদের ওপর এ ধরণের হামলার মাধ্যমে দেশে নতুন কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে কিনা ভাবতে হবে।
তারা আরোও বলেন, সমাজে মানুষের অধিকার বলতে কিছু নেই, তার উপর ভয়ানক বিভক্তি, নীতি-নৈতিকতার চরম অবনতি ও আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে। ইউএনও ওয়াহিদা খানমের ওপর এই হামলা প্রমাণ করে, মানুষ আজ কতটা বর্বর হিংস্র দানবে পরিণত হয়েছে। আজ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা যেখানে নিরাপদ নয় সেখানে আমরা ও আমাদের সন্তানরা কতটুকু-কিভাবে নিরাপদ?
ইউএনও ওয়াহিদার সুস্থতা কামনা করে অপরাধীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।