মোহন রায়হান:
মনেই হয় না বয়স হয়েছে
মনে হয় এইতো হাঁটছি বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে
মিছিল করছি, শ্লোগান দিচ্ছি হাত উঁচিয়ে, থরথর কাঁপছে কলা ভবন, চা খাচ্ছি মধুর কেন্টিনে, আড্ডা দিচ্ছি হাকিম চত্বরে, দাঁড়িয়ে আছি রোকেয়া হলের সামনে, টিএসসিতে অপেক্ষা করছি বান্ধবীর জন্য পাঁচ টাকার বিরিয়ানির জন্য লাইন দিয়ে আছি ক্যাফেটেরিয়ায়।
মনেই হয় না বয়স হয়েছে
সিনেমার টিকেটের জন্য মারামারি করছি বলাকা হলের ব্লাকারের সাথে, সুন্দরীদের জন্য হ্যাংলার মতন ঢাকা কলেজের বন্ধুরা সব ভিড় করেছি শুক্রবার নিউমার্কেটে।
মনেই হয় না বয়স হয়েছে
মনে হয় মনের মতন কাউকে খুঁজে পেতেই হবে, প্রেমপত্র লিখব কবে কাউকে, সারারাত সেই ভাবনায় ঘুম না, ঘুম আসে না একলা জেগে, বুকের ভেতর নিঃস্ব এক হাহাকারের দীর্ঘশ্বাসে, এপাশ ওপাশ রাত কেটে যায়….
কে বলে বয়স হয়েছে?